দেশের সীমানা ছাড়িয়ে আবহমান বাংলার সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ প্রবাসেও নানা উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে। প্রানের আমেজ আর হৃদয়ের উষ্ণতার মধ্যদিয়ে বাংলা নতুন বছর ‘১৪৩২’কে বরণ করা হয়েছে।ষোলো আনা বাঙ্গালীয়ানায় ছুটির দিনে প্রবাসের মাটিতে গতকাল শুক্রবারে সাদা-লাল এবং নকশী সাজে জমে উঠেছিল বিকেলটি।
গতকাল ১৮ ই এপ্রিল রোজ শুক্রবার বিকেলে মালদ্বীপের রাজধানীর ন্যাশনাল ইউনিভার্সিটি তে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে মালদ্বীপ প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আনন্দ উৎসব ও বর্ণিল বর্ষবরণ এবং এ অনুষ্ঠানমালার আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবৃন্দ এবং বিভিন্ন দেশের গণ্যমান্য ও ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিশু -কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উৎসবমুখর পরিবেশে অসংখ্য প্রবাসী পরিবার অংশ নেয় দেশীয় বালিশ খেলা সহ বর্ণিল এ আয়োজনে। এ সময় কবিতা আবৃত্তি করেন দূতাবাসের থার্ড সেক্রেটারী জনাব মোঃ জিল্লুর রহমান।
বিকেলের এ আয়োজনে ভোজে ছিল বাঙ্গালীর চিরাচরিত নানা রকমের খাবার ভর্তা-ব্যঞ্জন এবং পিঠা-পুলি-পায়েস-সহ বিভিন্ন বাঙালি পরিবেশন।
নীল দরিয়া শিল্পী গোষ্ঠীর মনোরঞ্জন সংস্কৃতিক পরিবেশন শেষে মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার জনাব মোঃ সোহেল পারভেজ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিপুল সংখ্যক প্রবাসী বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নববর্ষের শুভেচ্ছা এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে ধন্যবাদ জানান। তিনি নতুন বছরে পহেলা বৈশাখে দুঃখ গ্লানি ভুলে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত লোকজ সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরার এবং আমাদের বাংলাদেশি সন্তানরা যেন বিদেশি সংস্কৃতি মোহে বাংলার সংস্কৃতি ভুলে না যায় সে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। এবং তিনি সবাইকে মালদ্বীপের আইন মেনে চলা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানান। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন। এ অনুষ্ঠানে প্রবাসে বসেও বাংলার মাটি, মানুষ ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করার এক অসাধারণ চিত্র ফুটে ওঠে।অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা সহ মালদ্বীপে অবস্থানরত বিশিষ্ট ব্যবসায়ীক, রাজনীতিবিদ, চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, সুশীল সমাজ ও গণ্যমান্য নেতৃবৃন্দ সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী এ সময় উপস্থিত ছিলেন।