গত বছরের ১৪ আগস্ট থেকে কেন্দ্রীয় ব্যাংক এক ডলারও বিক্রি করেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিনিময় হার স্থিতিশীল রাখার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
আজ রোববার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘আমাদের কৌশল ছিল, যদি মূল্যস্ফীতি কমাতে হয়, তাহলে বিনিময় হার স্থিতিশীল করতে হবে। আমরা বুঝেছিলাম যে এক ডলারও বিক্রি করব না। এই সিদ্ধান্তের পর ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বকেয়া জমেছিল, যা আমরা দ্রুত পরিশোধ করার প্রতিশ্রুতি দিই। রেমিট্যান্স এবং রপ্তানি ভালো হওয়ায় এটি সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের পর ব্যাংকগুলোকে বলে দেওয়া হয়েছিল যে, তারা যেন তাদের বৈদেশিক মুদ্রার বকেয়া দ্রুত পরিশোধ করে। এর ফলে বিদেশি ব্যাংকগুলো বাংলাদেশের প্রতি তাদের আস্থা ফিরে পেয়েছে এবং কেউ কেউ লাইন অব ক্রেডিট বাড়িয়েছে।
আহসান এইচ মনসুর উল্লেখ করেন, বাজারে ডলারের সরবরাহ নিশ্চিত করতে দুবাইভিত্তিক অ্যাগ্রিগেটরদের একটি নির্দিষ্ট রেট (১২২ টাকা) মেনে চলার জন্য বলা হয়েছিল। তাদের বলা হয়েছিল, যদি তারা এই রেটে ডলার বিক্রি না করে, তবে তাদের কাছ থেকে কোনো ডলার কেনা হবে না।
যদিও আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে, গভর্নর বলেন, রাজনৈতিক ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। আসন্ন নির্বাচন এবং নির্বাচিত সরকারের সম্ভাব্য পরিবর্তনের দিকে বিনিয়োগকারীরা লক্ষ রাখছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বাজারে তারল্য বাড়ছে এবং শেয়ারবাজার আগামী এক বছরে আরও এক হাজার পয়েন্ট বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এই অর্থবছরের শেষে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
সরকারের রাজস্ব সংগ্রহ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার দ্রুত বাস্তবায়ন জরুরি বলেও তিনি মনে করেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি