সুদানে হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করতে ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (১৪ ডিসেম্বর) ফোনালাপে ড. ইউনূসকে গুতেরেস বলেন, ‘আমি আমার গভীর, গভীর সমবেদনা জানাতে ফোন করছি। আমি ভীষণভাবে মর্মাহত।’ হামলার ঘটনায় তিনি আতঙ্কিত বলেও জানান।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেন এবং শোকাহত পরিবারগুলোর কাছে তার সমবেদনা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান।
ফোনালাপে ড. ইউনূস বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের এই ক্ষতিতে তিনিও গভীরভাবে শোকাহত। তিনি আহত সৈন্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে জাতিসংঘকে অনুরোধ করেন।
এ সময় গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের প্রথমে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের আরও উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশি সৈন্যদের চিকিৎসা ও স্থানান্তরের বিষয়ে মনোযোগ দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ফোনালাপে অধ্যাপক ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এছাড়া দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন। ড. ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে বলে আস্থা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।