প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ শেষ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১২১টি দেশে ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। প্রায় তিন সপ্তাহের মধ্যে সব ব্যালট প্রেরণ করা হয়েছে।
ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানী জানান, বাংলাদেশ ডাক বিভাগ ইসির সব পোস্টাল ব্যালট বহির্বিশ্বে পাঠানোর কাজ বৃহস্পতিবার শেষ করেছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এগুলো প্রেরণ করা হয়েছে।
‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি)-এর এই কার্যক্রমে নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সম্মিলিত প্রচেষ্টা ছিল।
ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রায় ৩ হাজার প্রবাসী ভোটারের ঠিকানা সঠিক না হওয়ায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হয়নি। তিনি আরও সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের নিজের দায়িত্ব। লঙ্ঘন করলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।
দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সৌদি আরবে সর্বোচ্চ ২ লাখ ৩৭ হাজার ৫২৯ জন, মালয়েশিয়ায় ৮৪ হাজার ১৭৪ জন, কাতারে ৭৫ হাজার ৮৬৯ জন এবং ওমানে ৫৬ হাজার ৬৩ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী এবং ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন দেশের অভ্যন্তরীণ ভোটার।
সূত্র: বাসস
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি