জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেবেন।
মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমকেও আসামি করা হয়েছে। জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা, উসকানি ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
মামলার অন্য আসামিরা হলেন—সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে, জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে। একই সঙ্গে ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আখ্যা দিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকসহ অন্যান্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।