প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
চীন থেকে হঠাৎ চারটি নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ। রোববার (৮ ফেব্রুয়ারি) এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চীন সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।
ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, চুক্তির আওতায় চারটি জাহাজ কেনা হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কেনায় ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের জাহাজ চলাচল সক্ষমতা বৃদ্ধি পাবে, বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে এবং দেশের সামুদ্রিক স্বায়ত্তশাসন জোরদার হবে।
তিনি আরও বলেন, চীন বাংলাদেশের জনগণের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ অব্যাহত রাখবে। একই সঙ্গে চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এর সুফল বাংলাদেশের জনগণ ভোগ করবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি