ফেনী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রবাসীরা দেশের প্রকৃত চালিকাশক্তি। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে দাগনভূঞা ও সোনাগাজীতে পৃথক সেল গঠন করা হবে। প্রবাসী কিংবা তাদের পরিবারের কোনো সদস্য যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার সকালে দাগনভূঞা উপজেলার দুলামিঞা কটন মিলে প্রবাসীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রবাসী খুরশিদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কামরুল শিহাব, নাজিম উদ্দিন চৌধুরী, ফারুক আহমদ সুমন ও আবু সাইদ মামুন।
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ভোটের দিন তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটার স্লিপ সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে, যাতে কেউ কোনো অপকৌশলের মাধ্যমে ভোটাধিকার হরণ করতে না পারে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।