রাজধানীর আকাশ কালো হয়ে ওঠে সন্ধ্যা ৭টার দিকে। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ধূলিঝড় বয়ে যায় বিভিন্ন এলাকায়। এরপর রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজেছে রাজধানীর ভাটারা, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার. ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন এলাকা।
এ সময় বৃষ্টির সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় শিলা পড়তেও দেখা গেছে। এছাড়া বৃষ্টির পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বিকট শব্দে বজ্রপাতও হয়। ভারি বৃষ্টির কারণে পথচারী ও ফুটপাতের খুচরা দোকানিরা পড়েন ভোগান্তিতে।
এদিকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
