প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
শহীদ জিয়াকে স্মরণে ট্রাফিক স্কুলে “জিয়া ভলিবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত

ঢাকা জেলা পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে আয়োজিত সপ্তাহব্যাপী “জিয়া ভলিবল টুর্নামেন্ট” শেষ হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা নামে।
ফাইনালে মুখোমুখি হয় পুলিশ সার্জেন্টদের ৩৫তম নবায়ন কোর্সের লাল দল এবং ৬ষ্ঠ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন ফর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কোর্সের সবুজ দল। জমজমাট এই ফাইনাল ম্যাচকে ঘিরে শুরু থেকেই ছিল অংশগ্রহণকারীদের ব্যাপক উৎসাহ ও দর্শকদের উপস্থিতি।
টুর্নামেন্টটি আয়োজন করেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রধান অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জানান, পুলিশ সদস্যদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদান তুলে ধরার পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মানসিক উৎফুল্লতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নতুন প্রজন্মের পুলিশ সদস্যরা দেশের উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদান সম্পর্কে জানতে পারবে।
আন্তর্জাতিক ফরম্যাটে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ফাইনাল ম্যাচ শুরুর অনেক আগেই মাঠে ভিড় জমায় পুলিশ সদস্যরা, যা আয়োজনের প্রতি তাদের আগ্রহেরই প্রতিফলন।
টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি প্রদান করা হয়। এ সময় ট্রেনিং শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে এই প্রথমবারের মতো শহীদ জিয়ার নামে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হলো, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি