প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
টেকনাফে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

কক্সবাজারের টেকনাফে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরও বলেন, সংগঠনটি সারাদেশে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। পাশাপাশি নানা সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তারা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের টেকনাফ প্রতিনিধি জাকারিয়া আলফাজ, সহ-সভাপতি মোহাম্মদ আলী সোহাগ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান, তথ্যপ্রযুক্তি সম্পাদক এসএম ফেরদৌস মাসুম, সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ তাহেরসহ অন্যান্যরা।
শিক্ষা উপকরণ পেয়ে শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক। এতে দরিদ্র শিক্ষার্থীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে এবং পরীক্ষার আগে তাদের আত্মবিশ্বাস বাড়বে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা, পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা দেওয়া এবং মানসিক স্বস্তি নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি