প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ
মাথা উঁচু রেখে যুদ্ধ শেষ করতে চায় ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ মাথা উঁচু রেখে (সম্মানের সঙ্গে) শেষ করতে চায়। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তেহরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার কোনো অধিকার ট্রাম্পের নেই।
রোববার (১৯ এপ্রিল) ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় পরিদর্শনের সময় তিনি বলেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ব্যাখ্যা করেন না—ইরান কী অপরাধ করেছে।”
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ'র বরাতে তিনি আরও বলেন, দেশকে “রক্তপিপাসু ও নিষ্ঠুর শত্রুর” বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি এমনভাবে মোকাবিলা করতে হবে যাতে “আমাদের যুদ্ধপ্রিয় হিসেবে উপস্থাপন না করা হয়”, কারণ “আমরা আত্মরক্ষার জন্য লড়ছি।”
পেজেশকিয়ান আরও বলেন, “অস্ট্রেলিয়ায় আমাদের মেয়েরা শত্রুকে বড় আঘাত দিয়েছে। যারা শত্রুর প্ররোচনায় ভুল পথে গিয়েছিল—সেই দুই প্রিয় মেয়েকে আমরা স্বাগত জানাব, তারা যখনই ফিরে আসবে; আমাদের দুয়ার তাদের জন্য খোলা।”
তিনি এখানে গত মাসের এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার নারী ফুটবল দলের পারফরম্যান্স এবং আশ্রয় নেওয়া দুই খেলোয়াড়ের প্রসঙ্গ উল্লেখ করেন।
সূত্র: আনাদলু
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি