প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১০:২৯ পি.এম
রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪২ বছর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শহিদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সারে ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ রহমান জানান, রাত ৮টার দিকে নিউমার্কেট বটতলা শাহনেওয়াজ হলের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। একপর্যায়ে আশপাশের লোকজন মিলে তাদেরকে ধাওয়া দিলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার পথে লোকজনদেরও ভয় দেখানোর জন্য গুলি ছোড়ে। তাদের দুজনেরই ক্যাপ ও মাস্ক পরিহিত ছিল।
তিনি আরও জানান, তখন রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরিক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) মো. শাহাদৎ হোসেন জানান, গুলির ঘটনা শুনে হাসপাতালে এসে শুনি তিনি মারা গেছেন। নিহতের পরিচয়সহ বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি