প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ

কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রাঘাতে দেশের ৭ জেলায় একদিনে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। পটুয়াখালীতে সর্বোচ্চ ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
পটুয়াখালীতে বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। দুপুরে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্টা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮) মৃত্যু হয়। পূর্ব চাকামাইয়া গ্রামে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে মারা যান সেতারা বেগম (৫৫)। শান্তিপুর গ্রামে মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রাঘাতে মারা যান খালেক হাওলাদার (৫৫)।
জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে সকালে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলামের (১৮) মৃত্যু হয়। অন্যদিকে সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ইন্দুল্লামারী এলাকায় সড়ক নির্মাণকাজ চলার সময় বজ্রপাতে সাগর ইসলামের মৃত্যু হয়।
রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে দোকানে যাওয়ার পথে বজ্রাঘাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে মেয়েকে কোলে নিয়ে বাজার করতে যাচ্ছিল সুমন। এ সময় বজ্রাঘাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে গরু আনতে গেলে বজ্রপাতে রংপুরের তারাগঞ্জ উপজেলায় সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের কীর্তিনাশা নদীতে মাছ শিকারের সময় বজ্রাঘাতে রাজিব শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়।
বরগুনার আমতলী ও পাথরঘাটা উপজেলায় দুপুরে বৃষ্টির সময় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) এবং পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার জেলে আল আমিন।
বগুড়া: বগুড়ার শিবগঞ্জে বজ্রাঘাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর ছাতড়া গ্রামের মৃত বসারত আলী সরদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকবর আলী সরদার মাঠে ঘাস কাটতে ও ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বজ্রাঘাতে এসব ব্যক্তিদের মৃত্যুর বিষয় সংশ্লিষ্ট থানা পুলিশ নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি