পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক মহল। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও, ২০২১ সালের মতো অস্থির পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী দুই মাসের জন্য রাজ্যে মোতায়েন থাকবে। তিনি আগামী ৪ মে ফল ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গে যেতে পারেন বলে জানা গেছে।
এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যের পরিস্থিতি পরিদর্শন করেছেন। পাশাপাশি বিজেপির পশ্চিমবঙ্গ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা ভুপেন্দ্র যাদব ২ মে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে কর্মীদের বিজয়োৎসব চলাকালীন কোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়াতে নির্দেশ দিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও জানিয়েছেন, ২০২১ সালের সহিংসতার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক।
অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার মধ্যে দুই শিবিরই একে অপরকে হুঁশিয়ারি দিচ্ছে। অমিত শাহ কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিলেও তৃণমূল নেতৃত্বও পাল্টা মন্তব্য করেছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছিল, যা নিয়ে এবার আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি