
পরিবারের অমতে প্রেমের সম্পর্ক ও বিয়ের পর শ্বশুরবাড়িতে সংসার করা এক কিশোরীকে তার নিজ বাড়ি থেকে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার বিকেলে যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়।
থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের মজনু মিয়ার ছেলে মাহাবুব আলম মুন্নার সঙ্গে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রামের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে তারা পারিবারিক অমতে ঘর ছাড়েন এবং বিয়ে করে একসঙ্গে সংসার শুরু করেন।
কিছুদিন আগে কিশোরী তার বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি আবার স্বামীর বাড়ি ফিরতে চাইলে পরিবার তাকে বাধা দেয়। অভিযোগ অনুযায়ী, এরপর তাকে বাড়িতে আটকে রেখে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
ঘটনা জানাজানি হলে শ্বশুরপক্ষ থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগে বলা হয়, কিশোরীর বয়স ১৭ বছর ৯ মাস। কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে হলেও বয়স ১৮ না হওয়ায় রেজিস্ট্রেশন হয়নি।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের মাছুয়াপাড়া গ্রাম থেকে কিশোরীকে শিকলবন্দী অবস্থায় উদ্ধার করা হয়।
কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ছেলে ও বউ আমার বাড়িতে এসে সংসার করেছে। পরে মেয়ের পরিবার তাকে নিয়ে যায়। সেখানে তাকে শিকলে বেঁধে রাখা হয়েছে বলে আমরা জানতে পারি। এরপর আমরা থানায় অভিযোগ করি।
তিনি আরও বলেন, ১৭ দিন আগে মেয়ের পরিবারের কিছু সদস্য আমাদের বাড়িতে এসে আলোচনার মাধ্যমে মেয়েকে নিয়ে যায়। এরপর থেকে তাকে শিকলে বেঁধে রাখা হয় এবং নির্যাতন করা হয় বলে আমরা জানতে পারি।
মেয়ের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা কথা বলতে রাজি হননি।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ও প্রশাসন অভিযান চালায়। ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।
তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, উদ্ধার অভিযানে পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমাজসেবা দপ্তর অংশ নেয়। ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে শিকলবন্দী অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় তাকে আপাতত পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি