প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ৮:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
এআই’র নজরদারিতে বদলে যাচ্ছে রাজধানীর সড়কের চিত্র

ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন অধ্যায় শুরু হয়েছে এআইচালিত ক্যামেরার মাধ্যমে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে মামলা কার্যক্রম চালু করেছে, যেখানে ট্রাফিক সিগন্যাল অমান্য, হেলমেট না পরা কিংবা সিট বেল্ট ব্যবহার না করার মতো লঙ্ঘনগুলো ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ইতোমধ্যে এই প্রযুক্তি চালু হওয়ার পর থেকে সড়কে শৃঙ্খলার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
চালকরা এখন লাল বাতি জ্বলে উঠলে অপেক্ষা করছেন এবং সবুজ সংকেতের জন্য নিয়ম মেনে চলছেন। মোটরসাইকেল চালকরাও জেব্রা ক্রসিং ও স্টপ লাইনের নিয়ম মানতে শুরু করেছেন।
চালক ও পথচারীরা বলছেন, আগে যেখানে অনেকেই তাড়াহুড়ো করে আইন ভঙ্গ করতেন, এখন এআই ক্যামেরার নজরদারির কারণে সবাই বেশি সচেতন। সিট বেল্ট ও হেলমেট ব্যবহারের প্রবণতাও বেড়েছে।
শাহবাগ থানার ট্রাফিক ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে আইন প্রয়োগ আরও সহজ হয়েছে। মানুষও বুঝতে পারছে যে নিয়ম ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে পাঠাও-উবার চালকরা আইন লঙ্ঘন করত বেশি। তাদের মধ্যেও সচেতন হওয়ার বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। প্রযুক্তিনির্ভর এই নজরদারির কারণে সড়কে শৃঙ্খলা বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি