প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৮:০৪ পি.এম
উত্তরায় দুই যানবাহনের মাঝে চাপা পড়ে প্রাণ গেল পথচারীর

রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে এক পথচারীর নিহত হয়েছেন। শনিবার (০৯ মে) বেলা ১১টার দিকে আব্দুল্লাহপুর মৎস আড়তের সামনের সড়কে এঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে ইকবাল হোসেন জিহাদ জানান, তার বাবা আব্দুল্লাহপুর মৎস আড়তে পানি সরবরাহের কাজ করতেন এবং আড়তের পাশেই থাকতেন। পরিবারের অন্য সদস্যরা বগুড়ার শিবগঞ্জে বসবাস করেন।
সকালে ফোনে খবর পেয়ে তিনি জানতে পারেন, তার বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে বাবাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছেন, সকালে আড়তে যাওয়ার পর রাস্তা পার হয়ে খাবার কিনতে যাওয়ার সময় একটি বাস ও অটোরিকশার মাঝখানে চাপা পড়ে আহত হন আনোয়ার হোসেন। তবে কেউ কেউ বলছেন, দুটি বাসের মাঝখানে চাপা পড়েই দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি