
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"— ভূপেন হাজারিকার এই চিরন্তন বাণীটিই এখন শেষ ভরসা চট্টগ্রামের মোঃ আব্বাস উদ্দিনের (৪৩) পরিবারের। যে মানুষটি একসময় অন্যের বিপদে-আপদে সবার আগে সহানুভূতির হাত বাড়িয়ে দিতেন, নিয়তির নির্মম পরিহাসে আজ তিনিই হাসপাতালের আইসিইউতে শয্যাশায়ী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আব্বাসকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর কাজীর গলির স্থায়ী বাসিন্দা, মরহুম সিরাজুল হক ড্রাইভারের তৃতীয় পুত্র মোঃ আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও কঠিন রোগে ভুগছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে গিয়ে আব্বাসের পরিবার আজ পুরোপুরি নিঃস্ব। বিভিন্ন হাসপাতালে দফায় দফায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারের জমানো সব অর্থ শেষ হয়ে গেছে। আব্বাসের চিকিৎসার জন্য প্রতিদিন যে বিপুল অঙ্কের টাকার প্রয়োজন হচ্ছে, তা জোগাড় করা এখন আর এই মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এদিকে ঘরে রয়েছে আব্বাসের তিনটি অবুঝ শিশু সন্তান। বাবার এই গুরুতর অসুস্থতার কথা বোঝার বয়সও এখনো ওদের হয়নি। চোখের সামনে উপার্জনের একমাত্র অভিভাবককে হারিয়ে ফেলার শঙ্কায় দিন কাটছে পুরো পরিবারের। আব্বাস যেন আবার সুস্থ হয়ে তার সন্তানদের মাঝে, তার চিরচেনা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন— সেজন্য দেশের ধনবান, সমাজসেবী, প্রবাসী ভাই ও বিভিন্ন বৃত্তশালী প্রতিষ্ঠানের প্রতি জরুরি আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
একটি জীবন বাঁচলে বেঁচে যাবে তিনটি অবুঝ শিশুর ভবিষ্যৎ। আপনার সামান্য সহানুভূতি ও সাহায্য এই পরিবারটিকে ফিরিয়ে দিতে পারে নতুন জীবন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি