
কুমিল্লায় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাঁর ঘরে অনুপ্রবেশের চেষ্টা সহ বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সুশীল সমাজ ও সংশ্লিষ্টদের মতে, কথিত "স্যার নামীয় কুচক্রী" মহলটিই এই ঘটনার মাস্টারমাইন্ড।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই কুখ্যাত চক্রটিকে দমনে ইতিপূর্বে ডিবি পুলিশ, থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে চিরুনি অভিযান চালিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্রমাগত অভিযানের মুখেও চক্রটির সদস্যরা ছদ্মবেশে প্রকাশ্যেই তাদের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা জনমনে চরম আতঙ্ক ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
ভুক্তভোগী সাংবাদিক শুভ্রর পক্ষ থেকে এই চক্রের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ইতিপূর্বে এই পেশাদার অপরাধী চক্রটির সদস্যরা মোটরসাইকেল ও বিভিন্ন গাড়িযোগে সরাসরি নাশকতা সৃষ্টি করার সময় পুলিশ এবং র্যাবের হাতে হাতেনাতে গ্রেপ্তারও হয়েছিল। সর্বশেষ অপরাধীরা শুভ্রকে পুনরায় ফোন কল ও বার্তা (মেসেজ) পাঠিয়ে আগামী ৭ দিনের সময় বেঁধে দিয়ে চূড়ান্ত হুমকি প্রদান করেছে।
এই ঘটনার পর থেকে সাংবাদিক শুভ্র ও তাঁর পরিবারের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, পুলিশ প্রশাসন ও জেলা ডিবি পুলিশ যদি এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, তবে এই পেশাদার চক্রের মাধ্যমে যেকোনো সময় সাংবাদিক শুভ্রসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতিপূর্বেও কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে এই চক্রের নানাবিধ অপরাধের চিত্র গণমাধ্যমে উঠে এসেছিল। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে এই অপরাধী চক্রকে সম্পূর্ণভাবে সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ ও ডিবির জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি