প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৬:৫৮ পি.এম
দিল্লির সাম্প্রদায়িক নীতিতে বিপর্যস্ত ভারতের মুসলিমরা: শামসুদ্দীন

ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান নির্যাতন, উচ্ছেদ ও সাম্প্রদায়িক সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে নাগরিক পরিষদ। আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে ‘পশ্চিমবঙ্গ, আসাম ও কাশ্মীরের মুসলিমদের বিরুদ্ধে দিল্লীর নিপীড়ন বন্ধে বিশ্বব্যাপী মানবিক ঐক্যের দাবিতে’ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রের সমালোচনা করে সেখানে বসবাসরত মুসলমানদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ত্রিপুরা ও কাশ্মীরসহ পুরো ভারতে মুসলিমরা প্রতিনিয়ত ভয়ংকর বৈষম্য ও অমানবিকতার শিকার হচ্ছেন। দিল্লির বর্তমান সাম্প্রদায়িক নীতি সেখানকার মুসলমানদের জীবনকে বিষিয়ে তুলছে।
তিনি প্রশ্ন তোলেন, একদিকে সাধারণ মুসলমানদের গরুর মাংস খাওয়ার অজুহাতে পিটিয়ে হত্যা করা হচ্ছে, অন্যদিকে ভারত নিজেই বিশ্বে দ্বিতীয় শীর্ষ গোমাংস রপ্তানিকারক দেশ হিসেবে কোটি কোটি ডলার আয় করছে। এছাড়াও পশ্চিমবঙ্গে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বুলডোজার চালানো এবং শত বছরের পুরোনো মসজিদগুলোর নিচে ঐতিহাসিক সত্যতা ছাড়াই মন্দিরের অস্তিত্ব খোঁজার নামে উগ্রবাদী তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে দেশের তথাকথিত মানবাধিকার সংগঠনগুলো ভারতে মুসলিম নির্যাতনের বিষয়ে নীরব থাকায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর চেয়ারম্যান ডা. ফরিদ আহমেদ খান বলেন, ভারতের মূল ঐতিহাসিক পরিচয় ও ঐতিহ্য মুসলিম স্থাপনার ওপর দাঁড়িয়ে আছে। অথচ আজ সেখানেই মুসলিমরা নিজ দেশে পরবাসী। উর্দুভাষী মাইনরিটি মুসলিম নেতা আফজাল ওয়ার্সি তার বক্তব্যে দেশভাগের পর থেকে আজ অবধি মুহাজির ও উর্দুভাষী মুসলমানদের নাগরিক পরিচয়হীনতা এবং মানবেতর জীবনের ক্ষত তুলে ধরেন।
অন্যদিকে, নিরাপদ খাদ্য চাই—এর চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন। একই সুরে সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জি. থোয়াই চিং মং শাক বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মুসলিমের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শতভাগ শান্তিতে ও নিরাপদে বসবাস করছে। ভারতের পশ্চিমবঙ্গ বা দিল্লি থেকে বাংলাদেশের এই সম্প্রীতি বিনষ্টের যেকোনো উসকানি এদেশের মানুষ ব্যর্থ করে দেবে।
সমাবেশে সাংবাদিক অলিদ বিন সিদ্দিক তালুকদার আসামের বিতর্কিত এনআরসি বাতিল এবং মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন। নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আব্দুল জব্বার, কামরুল ইসলাম আলাউদ্দিন, ইঞ্জি. আনোয়ার হোসেন, সেলিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থেকে ভারতের উগ্রবাদী ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি