প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৩:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
ছবি থেকে ভিডিও বানাবে জেমিনি, এলো নতুন এআই ফিচার

গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনিতে নতুন ভিডিও তৈরির ও সম্পাদনার সুবিধা যুক্ত করেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু লিখিত নির্দেশনা (প্রম্পট) দিয়েই ভিডিও তৈরি বা সম্পাদনা করতে পারবেন।
গুগলের নতুন ‘জেমিনি অমনি’ মডেলের মাধ্যমে টেক্সট, ছবি, অডিও ও ভিডিও ব্যবহার করে সহজেই নতুন কনটেন্ট তৈরি করা যাবে। আগে জেমিনিতে ছবি তৈরি বা সম্পাদনা করা গেলেও ভিডিও তৈরির জন্য আলাদা অ্যাপের প্রয়োজন হতো। এখন সেই কাজও করা যাবে সরাসরি জেমিনির মধ্যেই।
কীভাবে?
ব্যবহারকারী চাইলে শুধু একটি বর্ণনা লিখেই ভিডিও তৈরি করতে পারবেন।
যেমন, ‘গাছে বসে আছে পাখি’—এ ধরনের নির্দেশনা দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও তৈরি করে দেবে জেমিনি।
এ ছাড়া কোনো ভিডিও আপলোড করে সেটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, নতুন কোনো বস্তু যোগ করা বা বিভিন্ন অংশ সম্পাদনা করার নির্দেশও দেওয়া যাবে চ্যাটের মাধ্যমেই।
কিভাবে ব্যবহার করবেন?
১. প্রথমে জেমিনিতে ভিডিও আপলোড করতে হবে।
২. এরপর কী পরিবর্তন চান তা লিখে জানাতে হবে।
৩. কিছুক্ষণের মধ্যেই জেমিনি সম্পাদিত ভিডিওর প্রিভিউ দেখাবে। পছন্দ হলে সেটি ডাউনলোড করা যাবে।
এই সুবিধা স্মার্টফোনের জেমিনি অ্যাপ এবং ওয়েব সংস্করণ—উভয় জায়গা থেকেই ব্যবহার করা যাবে।
বাস্তবসম্মত ভিডিও
গুগল জানিয়েছে, জেমিনি অমনি আলো, ছায়া ও বাস্তব জগতের বিভিন্ন গতিবিধি ভালোভাবে অনুকরণ করতে পারে। ফলে এআই দিয়ে তৈরি ভিডিওগুলো অনেক বেশি স্বাভাবিক ও বাস্তব মনে হবে।
থাকবে নিরাপত্তা ব্যবস্থা
এআই ভিডিওর অপব্যবহার ঠেকাতে প্রতিটি ভিডিওতে ‘সিন্থ আইডি’ (SynthID) নামের একটি অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত থাকবে। এর মাধ্যমে সহজেই বোঝা যাবে ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে কি না।
প্রাথমিকভাবে গুগলের এআই প্রিমিয়াম গ্রাহক এবং নির্দিষ্ট ওয়ার্ক স্পেস ব্যবহারকারীরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই সুবিধা ভিডিও কনটেন্ট তৈরি ও সম্পাদনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে পারে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি