প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১০:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
বর্ষায় পানিতে ডুবে শিশু-কিশোরদের মৃত্যুর ঝুঁকি কমাতে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূল বৈঠক

বর্ষা মৌসুমে নদী-নালা ও বন্যার পানিতে ডুবে শিশু ও কিশোরদের মৃত্যুর ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে নদীতীরবর্তী মানুষদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে জেলার উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর দাঁগারকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ উলিপুর উপজেলা শাখা।
বৈঠকে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকি।
এ সময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, স্বাস্থ্য সহকারী আব্দুল ওহাব, চর দাগারকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক বিনেন্দ্র নাথ, স্থানীয় সমাজসেবক মাঈদুল ইসলামসহ এলাকার অর্ধ শতাধিক নারী-পুরুষ ও অভিভাবকরা।
বক্তারা বলেন, ছোট বড় ১৬ নদ-নদী বেষ্টিত কুড়িগ্রাম জেলা। এ জেলায় প্রতিবছর বর্ষা ও বন্যার সময় পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে শিশুদের একা গোসল করতে যাওয়া, নদীর তীরে খেলাধুলা করা, নৌকা চলাচলের সময় অসতর্কতা এবং অভিভাবকদের পর্যাপ্ত তদারকির অভাব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের মৃত্যু প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া বৈঠকে অংশগ্রহণকারীদের মাঝে শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বন্যা ও বর্ষাকালে করণীয় এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।
বৈঠকে অংশ নেওয়া মনোষা রাণী, মমতাজ বেগম ও মোসলেমা খাতুন বলেন, এই এলাকটি নদী তীরবর্তী হওয়ায় বর্ষা মৌসুমে নদী, খাল-বিল ও বন্যার পানিতে শিশুদের চলাচল বেড়ে যায়। অনেক সময় অভিভাবকদের অসচেতনতা এবং নজরদারির অভাবে দুর্ঘটনা ঘটে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সতর্কতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বসুন্ধরা শুভসংঘ উলিপুর শাখার সভাপতি নূরে আলম সিদ্দীকি বলেন, পানিতে ডুবে মৃত্যু একটি নীরব দুর্যোগ। সচেতনতা বৃদ্ধি, শিশুদের প্রতি অভিভাবকদের নিবিড় নজরদারি এবং নিরাপদ চলাফেরা নিশ্চিত করতে পারলে অনেক মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি