প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চট্টগ্রামের পটিয়ায় বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘ, পটিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন পটিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ ল্যাব।
বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলার সভাপতি এস এম এ জুয়েল এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শুভসংঘের বন্ধু মো. ইব্রাহীম চৌধুরী, আনিসুল ইসলাম, মো. ফখরুল নাঈম ও মো. রাইয়ানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বৃহত্তর চট্টগ্রাম জেলার সভাপতি এস এম এ জুয়েল বলেন, "একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষের জীবন ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তরুণদের এগিয়ে এসে পরিবেশ রক্ষার এই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আমরা যদি আজ একটি গাছ রোপণ করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, “বসুন্ধরা শুভসংঘ সবসময় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গঠনে অবদান রাখতে চাই।”
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এই আয়োজন স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন আন্দোলনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি