প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে সংঘর্ষে সাইফুল ইসলাম (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২১ জুন) বিকেলে তিনটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আশরাফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয় এবং তখন সবাই উপজেলা চত্বর থেকে চলে যায়। ঘটনার কিছুক্ষণ পর, বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিল। সেখানে মুকুল, তার ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারাল অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত সালাউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বোনারপাড়া পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম জানায়, আমরা ঘটনাস্থালে আছি। ঘটনাটি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি কী ঘটেছে তদন্ত করে হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি