প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২১ জুন) রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সমবেত হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা সেখানে একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদাবর থানা আওয়ামী লীগের নেতা মো. কবির আহম্মেদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার ও মো. নয়ন শেখ এবং যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬), মো. ইব্রাহিম ও মো. রাকিব (২৩)।
এদিকে একই দিন গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আরেকটি অভিযান চালায় মোহাম্মদপুর থানা পুলিশ। ওই অভিযানে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির, মো. কালাম ফরাজি, কবির হাওলাদার, মো. সিরাজ, মো. হেলাল হোসেন, মো. আলী রাজ হোসেন, মো. স্বপন মিয়া ও মুরাদ ওরফে মুরাদ মাতবর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি