মার্কিন ডলারের দুর্বলতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে সামান্য বেড়েছে স্বর্ণের দাম। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৫৬ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪০.৬৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচার্সের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪,০৩৮.৯০ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মূল্যস্ফীতি নিয়ে দিকনির্দেশনার ওপর স্বর্ণের বাজারের পরবর্তী গতিপথ নির্ভর করছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও এর বিপরীত চিত্র দেখা গেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসেবে আজকের বাজারেও এই দামে বিক্রি হবে স্বর্ণ।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সূত্র: রয়টার্স
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি