সরকারি দপ্তরে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)কে বদলি ও পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের প্রকৌশলীদের কর্মস্থল ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। পুরো কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।
লটারির ফল অনুযায়ী, ঢাকা বিভাগে ৩১৭ জন, চট্টগ্রামে ১৩৩ জন, খুলনায় ৭৪ জন, রাজশাহীতে ৭৩ জন, রংপুরে ৬৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন এবং ময়মনসিংহে ২৯ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে। তাদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় দায়িত্ব দেওয়া হবে।
অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক এ বদলি কার্যক্রমের মাধ্যমে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এটি একটি আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, প্রথমবারের মতো এ ধরনের উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি