ফরিদপুরের মধুখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের হাতে কাজী নজরুল ইসলামের ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ ও একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানে এসব সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকন।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার ওসি সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের বড় একটি সাফল্য হলেও এটি কেবল প্রথম ধাপ। আগামী দুই বছর এইচএসসি পর্যায়ের পড়াশোনায় মনোযোগ দিয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার, পরিশ্রম, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। অনুষ্ঠান শেষে ৭১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ ও বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি