ময়মনসিংহের পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও দু’জন মারাত্মক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকার সময় মশাখালী গ্রামের বাদী মমতাজ উদ্দিনের (৬৮) বসতবাড়িতে।
এ ঘটনায় ভুক্তভোগী মমতাজ উদ্দিন বাদি হয়ে একই এলাকার ভাতিজা মো. রিয়াদ (৩৩), রানু আক্তার (৫২), ও মাকসুদা (২৮)-সহ কয়েকজনকে বিবাদী করে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মমতাজ উদ্দিনের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এরই জেরে গত ১৯ সেপ্টেম্বর দুপুরে বিবাদীরা দেশীয় অস্ত্র দা, লোহার রড ও বাঁশের লাঠিসোটা নিয়ে বাদির বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা, জানালা এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ২,৫০,০০০ (দুই লক্ষ ৫০ হাজার) টাকার ক্ষতিসাধন করে।
এ সময় ঘটনার সাক্ষী মোছাঃ ফেরদৌসী (২৫) বাধা দিতে গেলে তাকে এলোপাথাড়ি মারধর করা হয়। তাকে বাঁচাতে গিয়ে মমতাজ উদ্দিন নিজেও বিবাদীদের কিল-ঘুষি ও লাথিতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম প্রাপ্ত হন। পরবর্তীতে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে বাদী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে পাগলা থানার কর্মকর্তা ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি