যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সুর ও ছন্দের রঙ ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘জলতরঙ্গ’।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ৪৪ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি মঞ্চ মাতান ‘জলতরঙ্গ’-এর শিল্পীরা। তাদের পরিবেশিত সংগীত ও সাংস্কৃতিক উপস্থাপনা উপস্থিত নবীন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এক দারুণ উচ্ছ্বাস তৈরি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান শিক্ষার্থীদের স্বপ্ন বড় দেখার আহ্বান জানান এবং নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যকার সুসম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের মেধা বিকাশে মমতার পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন।প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলামসহ শিক্ষকমণ্ডলী।
অনুষ্ঠান শেষে ‘জলতরঙ্গ’-এর শিল্পীদের পরিবেশনাপুরো আয়োজনকে এক অন্য মাত্রা এনে দেয় এবং দর্শকশ্রোতাদের প্রশংসা কুড়ায়।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি