বাংলাদেশে সাত দিনের একাডেমিক সফর শেষে ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপের (IUM) ১১ সদস্যের প্রতিনিধিদল মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের ১০ শিক্ষার্থী ও একজন শিক্ষক বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বাংলাদেশের মানুষের আতিথেয়তা, সংস্কৃতি ও খাবারের প্রশংসা করেন এবং সফরটিকে অত্যন্ত আনন্দদায়ক ও সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (DIU) আতিথেয়তায় অনুষ্ঠিত এ সফরে শিক্ষার্থীরা সামাজিক ব্যবসা, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম ও টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন একাডেমিক সেশনে অংশ নেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, ইউনূস সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।
সাক্ষাতে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম শিক্ষার্থীদের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা সহপাঠী ও মালদ্বীপের সমাজের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের তরুণদের মধ্যে নিয়মিত একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি ভবিষ্যতে এ ধরনের বিনিময় কর্মসূচি আরও বিস্তৃত ও নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি