ঢাকাই সিনেমার খল অভিনেতা হিসেবে পরিচিত শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এক বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া এই অভিনেতা অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন।
শিবা শানুর আসল নাম চৌধুরী মাজহার আলী। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুসারে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে এ নিয়োগের শর্ত হিসেবে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে তাকে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। ফলে শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি পদে যোগ দিতে হলে তাকে শিল্পী সমিতির সভাপতির পদ ছাড়তে হবে।তবে এ বিষয়ে এখনো নিজের সিদ্ধান্ত জানাননি শিবা শানু। ফলে নতুন দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তিনি কী সিদ্ধান্ত নেন, তা জানতে অপেক্ষা করতে হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি