কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডির অধীনে চলমান একটি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। জাতীয় সাপ্তাহিক দেশ পত্র পত্রিকার প্রধান সম্পাদক মোঃ জুয়েল খন্দকার এবং বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীরের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ত্রুটিপূর্ণ কাজ অপসারণ ও নতুন করে কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশোক বিক্রম চাকমা।
জানা গেছে, সুবিল ৭নং ওয়ার্ডের পূর্বপাড়ায় ৬২ লাখ টাকা বরাদ্দের একটি সড়ক উন্নয়ন কাজে সংশ্লিষ্ট ঠিকাদার হাজ্বী মানিক চরম অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন এমন সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানান জাতীয় সাপ্তাহিক দেশ পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার।
এই অভিযোগের ভিত্তিতে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী যৌথভাবে ওই সড়ক নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করেন।পরিদর্শনকালে রাস্তার কাজে বেশ কিছু গুরুতর অসংগতি ও ত্রুটি পরিলক্ষিত হয়। বিশেষ করে, কয়েকটি স্থানে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, যথাযথভাবে রোলিং না করা এবং পিচ ঢালাইয়ের পূর্ববর্তী বিটুমিনের প্রাইম কোট নিয়ম অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ না করার বিষয়টি প্রশাসনের নজরে আসে।
তদন্ত শেষে ইউএনও সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায়, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সম্পন্ন করা সড়কের অংশ অনতিবিলম্বে অপসারণ করে মানসম্মত সামগ্রী ব্যবহার করে পুনরায় কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ প্রাইম কোট কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মর্মে জানিয়ে, যথাযথ সরকারি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করে নতুন করে প্রাইম কোট প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কাজের গুণগত মান নিশ্চিতকরণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ গ্রহণ করা হবে না। নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে এলজিইডির প্রকৌশল বিভাগকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি