কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের একটিমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের রাজনীতি। দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিকদের হঠাৎ নীরবতা এবং জেলা নেতার বার্তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে নতুন কমিটি গঠনের ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটেছে।
গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেবিদ্বারে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ছাত্রদল। ঠিক এই প্রেক্ষাপটে সম্প্রতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন— "ফি আমানিল্লাহ দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদল"। তাঁর এই বিদায়ী সুরের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পোস্টের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম নিশ্চিত করেন যে, সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে শিগগিরই দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।
এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল তিতাস উপজেলা শাখা, হোমনা সরকারি ডিগ্রি কলেজ এবং হোমনা উপজেলা শাখার পূর্বের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। জেলা ছাত্রদলের এই ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই দেবিদ্বারেও নতুন কমিটি আসতে যাচ্ছে বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, অতীত আন্দোলন-সংগ্রামে দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাদের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়। অন্যদিকে, দেবিদ্বার উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণেও ছাত্রদলের রাজনীতি কোণঠাসা হয়ে পড়েছিল।
সব অনিশ্চয়তা কাটিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিবের নতুন কমিটি গঠনের ঘোষণায় দেবিদ্বারের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এখন নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, সেদিকেই নজর স্থানীয় রাজপথের তরুণ নেতৃত্বের।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি