মালদ্বীপের দূরবর্তী দ্বীপে প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দিল বাংলাদেশ হাইকমিশন
মান্ধু, ফনাদু ও গান দ্বীপে বিশেষ কনস্যুলার সফর; ৫০টির বেশি ই-পাসপোর্ট ও ৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ।
মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় প্রয়োজনীয় কনস্যুলার সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের সময়, অর্থ ও ভোগান্তি কমানোর লক্ষ্যে ২০ থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত দেশটির মান্ধু, ফনাদু ও গান দ্বীপে বিশেষ কনস্যুলার সফর পরিচালনা করেছে হাইকমিশন।
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে হাইকমিশনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশ নেয়। সফরের অংশ হিসেবে মান্ধু দ্বীপের ফিশারিজ কমপ্লেক্সে বিশেষ কনস্যুলার ক্যাম্প আয়োজন করা হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ৫০টির বেশি ই-পাসপোর্ট এবং ৮টি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কার্ডের আবেদন গ্রহণ করা হয়।
এ উদ্যোগের ফলে দূরবর্তী দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নিজ কর্মস্থল ও আবাসস্থলের কাছাকাছি থেকেই প্রয়োজনীয় কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পেয়ে তারা বলেন হাইকমিশনের এ উদ্যোগে প্রবাসীদের সেই ভোগান্তি অনেকাংশে কমেছে। কনস্যুলার ক্যাম্পে সেবা গ্রহণকারী প্রবাসীরা উদ্যোগটির প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মালদ্বীপের অন্যান্য দূরবর্তী দ্বীপেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তাঁরা।
সফরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেন। এ ছাড়া ফনাদু কাউন্সিল ও গান আইল্যান্ড কাউন্সিলের প্রেসিডেন্টদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন তিনি।
এসব বৈঠকে সংশ্লিষ্ট দ্বীপগুলোতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মপরিবেশ, জীবনযাত্রার মান এবং তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এ সময় হাইকমিশনার স্থানীয় দ্বীপগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করেন। তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন।
বিশেষ কনস্যুলার সফর আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় দ্বীপ কাউন্সিল, হরাইজন ফিশারিজ প্রাইভেট লিমিটেড এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি