সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। এর আগে এই রুটে ফ্লাইট চলাচল ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা ছিল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা হয়ে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি