সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে গিয়ে আর্থিক হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক ঠিকাদার। সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের (২য় সংশোধিত) আওতায় কাজ করতে গিয়ে প্রকল্পের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. ফয়সাল হোসেনের বিরুদ্ধে প্রতিদিন ৫ হাজার টাকা করে ‘সাইট খরচ’ আদায় এবং ১৫ লাখ টাকা দাবি করার অভিযোগ করেছেন আশা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মামুন মিয়া।
অভিযোগকারী মামুন মিয়ার দাবি, দাবিকৃত অর্থের মধ্যে ইতোমধ্যে ৮ লাখ টাকা প্রদান করেছেন তিনি। এরপরও অবশিষ্ট টাকা আদায়ের জন্য তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান আশা এন্টারপ্রাইজ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর চর থেকে মুন্সির হাট বাজার খাল প্রকল্পের কাজ বাস্তবায়ন করে। প্রকল্পটির আইডি নম্বর ৯৭৭১৭৭।
মামুন মিয়ার অভিযোগ, কাজ চলাকালীন সময়ে প্রকল্পের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মো. ফয়সাল হোসেন প্রতিদিন ৫ হাজার টাকা করে সাইট খরচের নামে তার কাছ থেকে অর্থ নিতেন। একপর্যায়ে মাটি কাটার কাজকে কেন্দ্র করে এলাকার ক্ষমতা দেখিয়ে তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়। চাপের মুখে তিনি ৮ লাখ টাকা দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, টাকা দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি অতিরিক্ত অর্থের জন্য চাপ সৃষ্টি করছেন এবং বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। এতে প্রকল্পের কাজ করতে গিয়ে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মামুন মিয়া। অভিযোগে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।
প্রশ্ন উঠেছে, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে ঠিকাদারদের কাছ থেকে সাইট খরচের নামে অর্থ আদায়ের অভিযোগ কতটা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে? প্রকল্পের মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মীদের কার্যক্রম তদারকিতে কর্তৃপক্ষের ভূমিকা কী?
অভিযোগের বিষয়ে প্রকল্প কর্তৃপক্ষের তদন্ত অভিযুক্ত মো. ফয়সাল হোসেনের এর মুঠোফোনে দিলে তিনি ফোনটি উঠায়নি।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি