আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বুধবার (২৫ নভেম্বর) সকালে দৈনিক সমকাল সভাকক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। মেরী স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের কয়েক দশকের সফল পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প দিকনির্দেশনা ছাড়াই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে গেছে।
স্বাস্থ্য খাতে জনবল নিয়োগ ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য তুলে দেওয়া হবে, যাতে সেবার মান ও নজরদারি বাড়ানো যায়।
দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যগত চ্যালেঞ্জ একেক রকম। বিশেষ করে বন্যার সময় দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা বেশি ঝুঁকিতে থাকেন। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এসব জনগোষ্ঠীর প্রকৃত সমস্যা বোঝা সম্ভব নয়। কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে তাদের বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে প্রজনন স্বাস্থ্য কর্মসূচি হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। দেশে শিশু স্বাস্থ্য ও হৃদরোগের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান থাকলেও বিপুলসংখ্যক নারীর জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি একটি নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এ ছাড়া জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু দূর করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
বৈঠকে গবেষণার বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার।
আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার এবং ইউএনএফপিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি