গাইবান্ধার সুন্দরগঞ্জে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে টাকা ফেরত চাইলে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে কথিত মানবাধিকারকর্মী মো. নুর আলম সিদ্দিকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে টাকা নেওয়া, অনৈতিক প্রস্তাব এবং পুলিশ সুপারের কার্যালয়ের লোগো ব্যবহার করে ভয়ভীতি দেখানোর বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মো. নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি পরিচয় দিয়ে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলার বিষয়ে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় নুর আলম নিজেকে মানবাধিকার কমিশনের উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রকাশের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন।
অভিযোগে বলা হয়, সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হলে গত ৭ অক্টোবর সকাল ১১টার দিকে ওই নারীকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন নুর আলম। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে তার কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ায় ওই নারী টাকা ফেরত চাইলে নুর আলম তাকে নিজের বাসায় ডেকে অনৈতিক প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো ব্যবহার করে তাকে ভয়ভীতি দেখানো হয়। তার কথামতো না চললে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই নারী।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. নুর আলম সিদ্দিক। তিনি বলেন, অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। গাইবান্ধার কয়েকজন সাংবাদিক ওই নারীকে দিয়ে তার বিরুদ্ধে এসব অভিযোগ করিয়েছেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, ওই নারীর অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি