সাম্প্রতিক শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও সহিংসতা মোকাবিলায় গাজীপুরের শিল্পাঞ্চলে ১৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে জেলার ১৮টি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার (২৭ নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি জানান, আনসার সদস্যদের নিয়মিত টহল, সতর্ক অবস্থান ও দ্রুত সাড়াদানমূলক কার্যক্রমের ফলে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে। সচল রয়েছে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম। পাশাপাশি মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক রয়েছে।
মোতায়েন করা আনসার সদস্যরা ডেগেরছালা-গাছা, সাইনবোর্ড, কলেজগেট, এশিয়া পাম্প, জরুন, নওজোড়, ভোগড়া, সালনা, মৌচাক, আমবাগ-কাটা, পল্লী বিদ্যুৎ, তেলিরচালা, হোতাপাড়া, বাংলাবাজার, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী ও কাশিমপুরসহ ১৮টি গুরুত্বপূর্ণ অপারেশনাল পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের দিকনির্দেশনায় এবং ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. আসাদুজ্জামান গণির তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সার্কেল অ্যাডজুট্যান্ট ও উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা এতে নেতৃত্ব দিচ্ছেন। কার্যক্রমের সমন্বয় ও তদারকি করছেন গাজীপুরের জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামানসহ বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিরাপত্তা জোরদারে বাহিনীর নিজস্ব গোয়েন্দা ইউনিট, স্থানীয় ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে তথ্য নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।
জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে নিকটবর্তী শিল্পপ্রতিষ্ঠানে নিয়োজিত আনসার সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
সহকারী পরিচালক মো. নাজমুস সাকিব আরও জানান, এ ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ, পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পমালিকদের স্বাভাবিক কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি