টানা ৩১ দিন জ্বলতে থাকার পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসকূপের আগুন। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশেষ পদ্ধতিতে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
বাপেক্সের কর্মকর্তারা জানান, কূপে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন করে বিশেষ ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়। এতে কূপের মুখে গ্যাসের চাপ কমে আসে এবং একপর্যায়ে আগুন নিভে যায়।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কূপটি এখনো পুরোপুরি নিরাপদ নয়। ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণ এবং কূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করতে আরও কারিগরি কাজ বাকি রয়েছে।
বাপেক্সের বিভাগীয় প্রধান শ্যামল কুমার বালু বলেন, কেসিং স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এখন কূপটিকে নিরাপদ করার কাজ শুরু হবে।
তিনি জানান, পরবর্তী ধাপে ড্রিল পাইপ কূপের ভেতরে প্রবেশ করিয়ে প্রায় এক হাজার ফুট পর্যন্ত খনন করা হবে। এ সময় বিশেষ ধরনের ড্রিলিং মাড ব্যবহার করে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হবে। পরে ভূগর্ভস্থ চাপের ভারসাম্য তৈরি করে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস বের হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করার চেষ্টা করা হবে।
কূপটি নিরাপদ হওয়ার পর ওই এলাকায় জিওলজিক্যাল ও সিসমিক সার্ভে চালানো হবে। এসব জরিপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের মজুত এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব কি না, তা যাচাই করা হবে। জরিপের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর কূপ থেকে গ্যাসের দুটি নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের কর্মকর্তারা। নমুনা দুটি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।
বাপেক্সের ব্যবস্থাপক এসএম নাফিসুল আরফান বলেন, পরীক্ষার মাধ্যমে গ্যাসের রাসায়নিক গঠন, উপাদান ও গুণগত মান জানা যাবে। পাশাপাশি গ্যাসটির বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।
বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গ্যাসের মান ও ভবিষ্যৎ অনুসন্ধানের সম্ভাবনা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে।
গত ২৭ অক্টোবর ইনানী ইউনিয়নের ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলার সময় হঠাৎ ভূগর্ভ থেকে প্রচণ্ড চাপে গ্যাস বের হতে শুরু করে। কিছুক্ষণ পর পাশের বৈদ্যুতিক তার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে টানা ৩১ দিন ধরে জ্বলছিল আগুন।
ঘটনার পরপরই বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এ জন্য গ্যাসের চাপ কমানো, নিরাপত্তাবেষ্টনী তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পরে কেসিং পাইপ, মোবাইল ক্রেন ও ব্লোআউট প্রিভেন্টারসহ বিভিন্ন সরঞ্জাম এনে শুরু হয় মূল কারিগরি কার্যক্রম।
দীর্ঘদিন আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছিল। শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি