কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রায় দুই বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু। সেতুটির ঠিক সামনেই রয়েছে শ্রীপুর মেইলঘর বাজার। দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কাচিসাইর, শ্রীপুর ও ধলিপুষ্কুরনী গ্রামের কয়েক শতাধিক শিক্ষার্থী এই সড়ক দিয়ে পাশের মোহাম্মদপুর গ্রামের কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে। সেতুর বিভিন্ন অংশের কংক্রিট ভেঙে রড বেরিয়ে থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শ্রীপুর গ্রামের বাসিন্দা তানভীর ইসলাম মুন্সী বলেন, “দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে আছে। সেতুর কংক্রিট ভেঙে রড বেরিয়ে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন।”
কাচিসাইর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, “আমাদের এলাকার অনেক শিক্ষার্থী এই সড়ক দিয়ে মোহাম্মদপুরের কলেজ ও বিদ্যালয়ে যাতায়াত করে। ভাঙা সেতুর কারণে তাদের প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বিষয়টি নিয়ে অভিভাবকরাও উদ্বিগ্ন।”
মেইলঘর বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, “সেতুর পাশেই বাজার হওয়ায় প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। ক্রেতা-বিক্রেতা সবাইকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেতুটি দ্রুত মেরামত করা হলে এলাকার মানুষের দুর্ভোগ কমবে।”
সেতুটি সংস্কারের দাবিতে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে। পরে আবেদনটি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে পাঠানো হয়। এলজিইডি কার্যালয়ে আবেদনটি জমা পড়েছে বলে জানা গেছে। তবে সেতুটির সংস্কারকাজের অগ্রগতি বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আব্দুল হাই কায়সার বলেন, “সেতুটি সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহিত কর্মকর্তা বরাবর আবেদন করেছি। গত স্থানীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় এসে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সেতুটি সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আমরা চাই, তিনি তাঁর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নিন।”
ধলিপুষ্কুরনী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “এটি শুধু একটি গ্রামের সমস্যা নয়; আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত সেতুটি সংস্কার অথবা প্রয়োজন অনুযায়ী পুনর্নির্মাণ করা হোক।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেতুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নিতে হবে। তাঁদের প্রত্যাশা, সংসদ সদস্যের হস্তক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হবে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, “শ্রীপুর মেইলঘর এলাকার ভাঙা সেতুটি সংস্কারের দাবিতে স্থানীয়দের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে তা আমি পাইনি। আজ আপনার (প্রতিবেদকের) মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। সেতুটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে সরেজমিনে পরিদর্শন এবং কারিগরি দিক যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বরাদ্দ পাওয়া সাপেক্ষে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি