কুমিল্লার দক্ষিণ চর্থার পরিচিত মুখ, সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ৩০ নভেম্বর ৬৪ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর প্রয়াণের এক যুগ পেরিয়ে গেলেও সততা, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন এলাকাবাসী।
মরহুম মো. আবুল হোসেন সাংবাদিক নেকবর হোসেনের পিতা। জীবদ্দশায় তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর্থা এলাকায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, কবরস্থানের সংস্কারসহ বিভিন্ন সামাজিক ও অবকাঠামোগত কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেশাগত জীবনে একজন ব্যবসায়ী হিসেবে সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার পাশাপাশি অবসর সময়ের বড় একটি অংশ ব্যয় করতেন মানুষের কল্যাণে।
পরিবারের সদস্যদের ভাষ্য, তাঁর জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে, শান্ত ও পরোপকারী। কাউকে কষ্ট না দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। মৃত্যুর পরও তাঁর সেই মানবিক গুণাবলি ও সমাজের জন্য রেখে যাওয়া অবদান তাঁকে মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রেখেছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের উদ্যোগে দক্ষিণ চর্থা এলাকার বিভিন্ন মসজিদ ও মাদরাসায় পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া তিনটি এতিমখানার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। সমাজসেবামূলক সংগঠন ‘রক্তের বাঁধনে চর্থাবাসী’র উদ্যোগেও বাদ এশা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মরহুমের রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মানুষের কল্যাণে নিবেদিত তাঁর জীবন, সততা ও সমাজসেবার দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।
চেয়ারম্যান: জুয়েল খন্দকার
অফিসঃ ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, ৫ম তলা, মতিঝিল ঢাকা-১০০০
হটলাইনঃ +৮৮০ ১৯৮৮৬৬৩৭৮২, ই-মেইলঃ songbadtv1@gmail.com
স্বত্ব © ২০২৬ সংবাদ টিভি