ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদে যোগ দিয়ে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জুলাই সংস্কার প্রস্তাবের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমেই কেবল বিরোধী দলের জন্য নির্ধারিত ডেপুটি স্পিকারের পদ তাঁর দল গ্রহণ করতে চায় বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধী জোটের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতির ভাষণ বর্জনের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংসদ অধিবেশনেই বিরোধী দলের অবস্থান দৃশ্যমান হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই জাতীয় সংসদ জনআকাঙ্ক্ষা পূরণে কার্যকর ভূমিকা রাখুক। বিরোধী দল হিসেবে আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। আমাদের নীতি হলো- কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আবার অন্ধভাবে সমর্থনও নয়।’
এদিকে, সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কড়া সমালোচনা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
রাষ্ট্রপতিকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নৈতিক অধিকার আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ তবে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে ওয়াকআউটের মতো কোনো ‘হঠকারী’ সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সংসদীয় কমিটির সূত্র নিশ্চিত করেছে।