বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, ঈদযাত্রায় পরিবহন ব্যবস্থার জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখা হবে। শনিবার (১৪ মার্চ) কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সংযোগ উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখব। ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। আমরা এটি সবার জন্য নিশ্চয়তা দিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “দেশবাসীর কষ্ট মানে আমাদের কষ্ট। নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে ঈদযাত্রায় তাদের কষ্ট লাঘব করা। আগামীকাল দিনের শুরুতেই আমরা দেশের মানুষের কাছে আমাদের পরিকল্পনা ঘোষণা করব।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হক, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স) রফিকুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।