সন্ত্রাসীদের গুলিতে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের বারই চতলা গ্রামের মাহফুজুর রহমান মানিক নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ফেরিনা খান মেডি ক্লিনিকে বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে তার অপারেশন হয়েছে।
এদিকে এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীসহ বাংলাদেশের ব্যবসায়ীরা আতঙ্কে আছেন। এর আগে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় ফ্রি স্টেট এর টুইলিং টাউন এলাকায় নিজ দোকানে সন্ত্রাসীদের গুলিতে গুরুত্বর আহত হন মাহফুজুর রহমান।
গুলিবিদ্ধ মাহফুজুর রহমান মানিকের ভাগিনা নোয়াখালী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ভিপি পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় টুইলিং টাউন এলাকায় তার দোকানে সন্ত্রাসীরা চাঁদার জন্য আসে। এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে সন্ত্রাসীরা এক পর্যায়ে তাকে গুলি করে। তাকে বেঁধে রাখে এবং তারা দোকানের নগদ টাকা ও লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। তিনি দীর্ঘ ২২/২৩ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন।