কুমিল্লা জেলায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি পুলিশের সদস্যরা এতে অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযান তদারকি করেন।
অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা কমাতে জেলা পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।