কুমিল্লা জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছিনতাই প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৪২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, ১৩৩ জনকে মুচলেকায় জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও ছিনতাইয়ের ঝুঁকি রয়েছে, এমন স্থানগুলোকে অভিযানের আওতায় আনা হয়। বিশেষ করে কিশোর বয়সীদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধে এসব এলাকায় নজরদারি জোরদার করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।