ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার (২ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘটনায় নিজের উদ্বেগের কথা জানান তিনি।
আসিফ মাহমুদ লেখেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ওপর হামলা কূটনৈতিক রীতিনীতির একটি গুরুতর লঙ্ঘন। এ ধরনের ঘটনা তাৎক্ষণিক পদক্ষেপের দাবি রাখে।
— Asif Mahmud (@AsifMahmud36) December 2, 2024
এর আগে, এ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২ ডিসেম্বর) আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু সংগ্রাম সমিতি, আগরতলার একটি বৃহৎ বিক্ষোভকারী দল পরিকল্পিতভাবে সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে।
বিজ্ঞপ্তিতে এরও বলা হয়, এ হামলা পূর্বপরিকল্পিত ছিল। হামলাকারীরা কূটনৈতিক চত্বরে প্রবেশের পর বাংলাদেশের জাতীয় পতাকার দণ্ড ভেঙে ফেলেন এবং জাতীয় পতাকার অবমাননা করেন। এছাড়াও সহকারী হাইকমিশনের ভেতরের সম্পত্তিসমূহও ক্ষতিগ্রস্ত করেন।
এ ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। তাদের উপস্থিতিতেই পুরো ঘটনা ঘটেছে, কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
সহকারী হাইকমিশনের সকল সদস্যই এই ঘটনার পর নিরাপত্তাহীনতার গভীর অনুভূতিতে ভুগছেন বলে জানানো হয়েছে।