আওয়ামী লীগের তিন নির্বাচনে প্রশাসনে যারা জড়িত ছিলেন তাদের বিচার এবং ১৫ বছরে দলীয়ভাবে প্রশাসনে পদোন্নতিসহ সুযোগ সুবিধা পেয়েছেন তাদের বিচারসহ একগুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির সংস্কার কমিটি। জনপ্রশাসন সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ জমা দেয়া হয়।
রোববার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র নেতৃত্বে বিএনপির সংস্কার কমিটির দুই সদস্যের প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কাছে তাদের প্রতিবেদন জমা দেন।
পরে সুপারিশের বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি জানান, ফ্যাসিবাদের দোসর যারা এখনও প্রশাসনে ঘাপটি মেরে আছেন তাদের বের করে পদবঞ্চিতদের সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে সুপারিশে।
এছাড়া আওয়ামী লীগ শাসনের ১৪, ১৮ এবং ২৪ এর একপক্ষীয় নির্বাচনে প্রশাসনের যেসব কর্মকর্তারা সহায়তা করেছেন তাদের বিচারও দাবি করা হয়েছে সুপারিশে। গেল ১৫ বছরে প্রশাসনের সুযোগ সুবিধা পাওয়া কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রলালয়ের সচিব ড. মোখলেস উর রহমান জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন সিদ্ধান্তের সুবিধার জন্য সব দলের কাছ থেকেই জনপ্রশাসন সংস্কার বিষয়ে সুপারিশ গ্রহন করছে। বিএনপির পক্ষ থেকে সংস্কার নিয়ে যেসব সুপারিশ পেয়েছি তা গুরুত্ব দিয়ে দেখা হবে।
আগামী বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মতামত নেয়ার আয়োজন করা হয়েছে বলেও জানান সচিব। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন এরইমধ্যে সারাদেশের সাধারণ মানুষের মতামত নিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেয়া হচ্ছে সংস্কার নিয়ে সুপারিশ। সেই ধারাবাহিকতায় আজ বিএনপি তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে।